দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের সাত জেলায় বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেল থেকে বিভিন্ন জেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে গাইবান্ধায় পাঁচজন, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ ও জামালপুরে দুজন করে এবং পঞ্চগড়, বগুড়া ও নাটোরে একজন করে রয়েছেন।
এক সপ্তাহের বেশি সময় ধরে চলা তাপপ্রবাহের পর রোববার ঢাকাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। এর সঙ্গে বজ্রপাতও দেখা যায়।
গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় বজ্রপাতে ফুয়াদ চৌধুরী (১০), রাফি চৌধুরী (১৫), মিজান মিয়া (২০), মানিক মিয়া (২৫) ও নম্বার আলী (৬৫) নিহত হন। এ ঘটনায় শামীম মিয়া নামে একজন আহত হয়েছেন। মারা গেছে একটি গরুও।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৃথক বজ্রপাতে লাবণী আক্তার (৩৫) ও ইলিয়াস আলী (৩৭) নিহত হন। সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশে বজ্রপাতে প্রাণ হারান হোসেন আলী সেখ (২৫) ও আবদুল হামিদ (৫০)।
জামালপুরে পৃথক ঘটনায় মর্জিনা বেগম (২২) ও হাসমত আলী (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বজ্রপাতে পাঁচটি গরুর মৃত্যুর খবরও পাওয়া গেছে।
পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে চা-শ্রমিক সোহরাওয়ার্দী (২২) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
নাটোরের সিংড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক সম্রাট হোসেন (২৬) এবং বগুড়ার গাবতলীতে কৃষক সুমন (৩৫) নিহত হন।
পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাগুলোতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। একই সঙ্গে বজ্রপাত থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এমএস/